ছায়া-লাপ
ডায়েরি লেখার খেলাচ্ছলের বয়স গেছে বহুদিন হল। আজকাল রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে সেই খেলার দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে। বছরের পর বছর ধরে কবিতা, গদ্যছত্র, ব্যঙ্গাত্মক নিঃশ্বাস ইত্যাদি পেড়ে পেড়ে অভ্যেস হয়েছিল একরকম লেখার। কিন্তু এই যে গত বছর তিনেক লিখতে বসলেই কেবল এক অসাড় ছায়ার সাথে লড়াই, এর সাথে যুঝি কেমন করে?
মানুষ নিজের মত করে নিজের জীবনের ছায়ার সাথে লড়ে। তাকে যেতে দেওয়ার যে আনন্দ, সেই আনন্দ তখনই পূর্ণ অনুভূত হয়, যখন তাকে চলে যেতে দেখা যায়। জানলার পাড়ে দাঁড়িয়ে অথবা পাড়ার মোড়ের বটগাছের গোড়ায় বসে চা খেতে খেতে দেখা যায়, এই সে খেতে বসল, এই সে পড়তে বসেছে, এই সে সোহাগে ... এই সে পুজোয়, এই সে সেবায়, এই সে পড়ায়, এই সে বিরক্ত। কিন্তু ইতিহাস একে অস্পৃশ্য করেছে। কাজের সূত্রে দেখেছিলাম শোকের প্রতি এক বক্র মনোভাব। প্রিয়জনের মৃতদেহ কোলে নিয়ে সে শীতল মোহ অনুভব না করলে কিকরে বুঝবে শরীর, যে সে চলে গেছে? যখন জড়িয়ে ডাকবে, চিরকালের ডাক ডাকবে... অথচ সে শীতল শরীর সাড়া দেবে না, তবে না বোধ - মৃত্যুবোধ।
জীবনের কোলে থাকা মানুষকে চলে যেতে দেখা আজকের দিনে আরও আরও কষ্টকর। ঘোমটার ফাঁক দিয়ে যে দেখার স্বাধীনতা ছিল, তা হরিত হয়েছে। এখন মুখ দেখা যায়; বোধ করি বুকের উপরের হাল্কা মোচড়ও দেখা যায়।
ধরে নাও কিচ্ছু নেই। নদী, খরস্রোতা নদী। জুড়ে দেওয়ার কেউ নেই। কিচ্ছু নেই। ওপাড়ে সভ্যতা। ওপাড়ে বিস্তার, জ্ঞান, জাগরণ, সাধন, সাফল্য, শ্যামলা জমি। এপাড়ে গুহা, গমন, তাপ, সাধন, ক্রিয়া। একটাও সেতু নেই। সেতুর সম্ভাবনাও নেই। দুইয়ের একত্র হওয়াতে যা কিছু হওয়া সম্ভব বলে মনে হত, তাও তো কই নেই। তার মানেই কি চলে যাওয়া? হ্যাঁ। ভীষণ সরে আসা, অনুপস্থিতি, বিস্মৃতি, ইত্যাদি অনেক কিছুই। ডাকলে কিন্তু সে ছায়া সরে যায় না। ইতস্তত নদী থেকে সরে গিয়ে হাত কামড়াতে থাকে। শোকের বটগাছ গজায়। অথচ কিচ্ছু চোখে দেখা যায় না। দূরত্বের যা বা যতটুকু করে দেওয়া সম্ভব, তারা করে দেয়। যা পড়ে থাকে, তা ব্যক্তির নিজের। ছাই অথবা জীবাশ্ম, যাই বলবে তাকে।
যা শিখলাম, তা হল, গুটিকতকবারই হয় জীবনে, সমুদ্র বুকে ঘর করে, অথবা সূর্যের আর পালানর পথ থাকে না। শরীর বয় ব্যাধ ও হরিণ দুই। শিকার করে ও শিকার হয়। এর মধ্যে মন বলে অবধ্য অবাধ্য জন্তুটা ঠিক যতটা নিঃসহায়, ততটাই সচল, সজাগ, স্মিত, শাশ্বত। হয়ত একবারই হয়। যা হয়েছে বলে আনন্দের। আগুনের মধ্যে এপার-ওপার-এপার-ওপার একটু, তাকে জল গড়িয়ে দেওয়ার ইচ্ছা। অথচ কোন সেতু তো নেই। মিঠা জল। অথচ খাদে। এদিকে ছায়া যায় না। থাকতে চায় না নিশ্চিত। তবে যায় না। কেবল এপাড়েরটুকুই এপাড়ে থাকে। বাকিটা জানা যায় না।
বাপ-ঠাকুরদাদের মনে হয়েছিল জমিতে অধিকার হয়। নারীর হয় কেবল হেঁসেলে অধিকার। অথবা মানুষের পালনে। তার মানুষের পালনে। অথচ সব অধিকার ফেলে দিয়ে একটা কুশী হাতে "যাক" বলা যায় দিব্য। চাই না, তবু চাই। কলম পেলেই মনে হয় যেন হাওয়ায় আলপনা কাটি, ছায়ার সাথে কথা বলি। যে ছায়া সরে গিয়ে হাত কামড়ায়। বটগাছের কোলে পায়ের ছাপ দেখেই যে ছায়া শার্সি টেনে দেয়। হয় ছায়া নয় এই মানুষ আটকা পরে যায়। শার্সির ঘরে, চোখের ঘরে, ছায়ার ঘরে, জলের ঘরে। না হয়ে তো ভালই হল। হলে কি একটা আহাম্মকিটাই না হত!
এই নাটকেরও শেষ অঙ্কে কোন ক্লাইম্যাক্স নেই, কোন হাততালি নেই, চুপচাপ পর্দা পড়ে যাবে। যেমন ঘতঘত করে গঙ্গা সমুদ্রে ঢেলে দেয় সব যা পারে। সবাই, সব নিঃশ্বাস যে যার মত করে মুছে যাবে একদিন ঠিক! অথচ একই পৃথিবীর ঘরে নিঃশ্বাস এখনও পড়ছে। এ কি চাট্টিখানি কথা!
যার ফলে ঘটনার শেষ হয়েও শেষ থাকে না। মৃত্যু বই মুক্তি নেই এ চেতনার। শোক বাড়ে অথচ শোক হয়ে ওঠে না। মানুষটা চলে যায়, অথচ যায় না। নতুন যাত্রা শুরু হওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু হয় না।
Comments
Post a Comment