আমি বাড়ি যাব। রোজ বলি আজকাল। বলতেই থাকি। বাড়ি বলে কিছু নেই।
ভালোবাসার নামে হাতে তুলে দিয়েছে শর্ত। কান টানে, মাথা টানে, চুল টানে, না গেলে গোঁসা করে। টানতে টানতে ঘাড়ে গর্দানে ব্যথা করে দেয়। জল ছাড়িয়ে আনা রুই মাছের মত মুখ হাঁ করে থাকি আজকাল। নিঃশ্বাস কোথা দিয়ে ঢুকলে ভালো হয় তা খুঁজি। পাই না। যেদিকে তাকাই কিছুই আমার না। সরে সরে আসি, যেমন সরে আসতাম ছোটবেলায়। বেঞ্চের ধারে আধঠেকা হয়ে বসে থাকা। ঘরে আধঠেকা হয়ে থাকতে হবে জানলে জানলায় গরাদ নেই এমন ঘর বাছতাম। যেখানে দরজা খুললে মাঠ। অথবা সমুদ্রের ধার। অথবা বেছে বেছে ফেলে দেওয়া যেত স্বপ্নগুলো।
কি প্রয়োজন এমন সব স্বপ্ন?
Comments
Post a Comment