মায়া মায়া কাজলে

এই লেখার শুরু নবমী রাতে। 

**
কাল দশমী। 
অনেক শোকের মাঝে এক সাংস্কৃতিক শোক। যা সবাই বোঝেন, জানেন নিজেদের মতো করে। 
ব্যক্তিগত পরিসর কিছু অদ্ভুত অদ্ভুত শোক দেয়। এত সূক্ষ্ম সেসব, জড়িয়ে মরিয়ে থাকে হয়ত কোন বড় শোকের গায়ে, কিন্তু নিজেরা দাঁড়ালেও আস্ত জীবন আগলে দাঁড়াতে পারে। 

যেমন ধরুন indecision। এক প্রবল myth আছে, সমাজ আর ব্যক্তির দ্বৈত territory নিয়ে। এদের নিয়ে বেশি কথা বলতে চাই না, সবার জীবনের মধ্যেই দুইই আছে। অন্য কথা বলি। 

সম্প্রতি এক প্রিয় লেখক তার ফেসবুক পোস্টে নিজের অসুস্থতা এবং শোক জড়ানো দিনযাপন নিয়ে লিখছেন। আজ এমন কিছু লিখে ফেললাম, যে নিজেরই মন খারাপ হয়ে গেল। 

তিনি লিখেছেন অসুস্থতার কথা, পরীক্ষা নিরীক্ষার কথা, দৈনন্দিনের কথা। তার মধ্যে সকলে মায়া খুঁজে পাচ্ছেন। অসুখ বলতে কষ্ট হয় আসলে সবার। অসুখ তো সেরে যাওয়ার কথা। তাই না? যেমন বমি, প্রথমবার হলেই ওষুধ খেয়ে দমিয়ে দেওয়ার কথা। যেমন জ্বর, হবে মনে হলেই ওষুধ খেয়ে দমিয়ে দেওয়ার কথা। অসুখের ধর্ম ভোগানো এবং নিরাময় হয়ে যাওয়া। কোন এক পৃথিবীর প্রান্তে ধন্বন্তরী আছেন মুক্তি হাতে। অসুখের মৃত্যু নিশ্চিত করতে। নিদান হল সুস্থ হওয়ার চেষ্টা। নিরন্তর শুনে চলা এটা করো, ওটা খাও, অমুক তো তুমি করনি, তসুক তো তোমার দ্বারা হয় না। অসুস্থতা এক ব্যক্তিগত shortcoming, faultline.. অসুখের ধর্ম হাত ধরে সাথে হাঁটা নয়। অসুখ তোমার বন্ধু হতে পারে না। কিন্তু যখন সে বন্ধুর চেয়ে বেশি মমতায় কান ঘেঁষে এসে বসে, দহনের উপর বিশ্রাম দিয়ে আড়াল করে, তখন আমাদের আশেপাশে bgm লাগে। নাহলে সেই ক্যাতক্যাতে দলা পাকানো দিনরাত দেখলে লোকজনের বুঝি গা গুলিয়ে ওঠে। 

ঘুরতে এসেছি, নাতিশীতোষ্ণ জলবায়ু, কিছুই গাঢ় হয় না, তবু শীত করে আমার। মাথা ঢাকি, বুকে ভারী চাদর রাখি, পায়ে কম্বল দিই। দিনের উজ্জ্বল আলোয় মুখের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র হাওয়াকে পুজো করি। সূর্যের দিকে তাকিয়ে আরেকটা দিন বেঁচে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। জীবন কাঁধের কাছে এসে দাঁড়ালে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। হারিয়ে ফেলা দিনের কাছে ফিরে গিয়ে লড়াইয়ের অঙ্গীকার করতে ইচ্ছে করে। একটা শেষবারের জন্য ধরা হাত, হাতে লেগে থাকা হাত আবার টেনে ধরতে ইচ্ছে করে। গত এক সপ্তাহে তিনবার অসুস্থ হলাম। আজকাল অসুস্থতার চেয়ে ক্লান্তি বেশি ভর করে। 

আজকাল প্রধানত তিন ধরনের মানুষের সাথে নিয়ত যোগাযোগ হয়। এক তির্যক হাসি আছে যা লোকে হাসে আমার দিকে তাকিয়ে। মাথা নাড়ে, যেন আমি hopeless একটা প্রাণী। একদল মানুষ যাদের সাথে আমার জীবনের তেমন কোন সম্পর্ক নেই। তারা জানেন, দয়া করেন, সাহায্য করেন, কিন্তু বেশি মেশার মত ক্লান্তিকর আমার আর কিছু মনে হয় না। এরা দূরের। একদল মানুষ আছেন যাদের আমি কাছে মনে করতাম। তারা আমার বিশাল এক নিয়ন্ত্রণের লিস্টি পেয়ে বলত, "একবার খা, একবার খেলে কিছু হবে না" ইত্যাদি। যখন তারপরেও পারতাম না, মাথা নেড়ে বলত, "এইটুকুতে তোর অসুবিধে হচ্ছে? তুই __ করিস না কেন?" 

সত্যিই তো। কেন করি না? 

আর একদল স্বাস্থ্যকর্মী। ওই একবার খেয়ে যাদের কাছে যেতে হয়, তারা মাথা নাড়েন এমনভাবে যেন আমি অপরাধী। ঘুরতে যাওয়া মানে আমাদের মত মানুষের জীবনে "অনিয়ম" করা। সকলের যা সাধারণ জীবন, সেই জীবন উপভোগ করতে যাওয়া মানে অনিয়ম করা। পরিশ্রম থেকে খাবার, সবই অনিয়ম। প্রথম যখন অসুস্থতার একটি নাম পাই, তখন বলা হয়েছিল ২৫ কিমি যাত্রার পর ওই দিনে ওইটুকুই ফিরে যেতে পারি, আরও ২৫ কিমি দূরে যদি গিয়ে পড়ি, সেটা অনিয়ম হবে। "এইটুকু তো করতেই হবে! তোমার শরীর তুমি খেয়াল রাখবে না?" 

সবচেয়ে বিড়ম্বনা হয় কেউ ভালবাসলে। অসুস্থতার মেঘের মধ্যে সব চাওয়াপাওয়াই দৃষ্টিহীন। সংকোচ আর প্রচেষ্টার এক বিরক্তিকর সংখ্যারেখার মধ্যে শুশ্রূষা কোথাও একটা খুঁজে নিতে হয়। নিজেকে এক ফুটো ভিক্ষাপাত্র মনে হয় যাতে উপচে উঠছে ভালোবাসা। না পারলে আগলে রাখার তাগিদে বিশ্রামকে দূরে ঠেলে দিতে ইচ্ছে করে। নাহলে মনে হয় ভালোবাসাকে ঠেলে দেওয়া হল না তো? এদিকে দিনশেষে ক্লান্তি এসে ধরে বাতাসের মত!  সমস্ত চাওয়াপাওয়ার আড়ালে আমি কি ভালোবাসি? যে প্রশ্ন চিরন্তন, সে প্রশ্ন করার সময় পেরিয়ে গেছে। যে চিরন্তন উত্তরের কাছে এসে দাঁড়িয়েছিলাম, সেই বিশাল গাছ বজ্রাহত, ডালপালা ভেঙে পড়ে আছে। এখন তার কেবল শিকড় বৃদ্ধির সুযোগ আছে, কান্ডের নয় আর। 

তবে এই ধুলার শুশ্রূষা কোথায় খুঁজব? কাজে না বিশ্রামে? বাঁচিয়ে রাখব না খরচ করে ফেলব? এক বিতিকিচ্ছিরি দ্বন্দ্ব, একা হাতে নিষ্পত্তি হয় না, অথচ কাউকে বলাও যায় না। মৃত্যু এসে কাঁধে বসে থাকে। দিন, রাত, - কা, কা, কা, কা, কা, কা, ...

আমি মাঝে মাঝে বোঝা ফেলে দিতে চাই। যে পৃথিবীতে আমার কোন আগ্রহের প্রতিষ্ঠাটুকু আর নেই সেখানে যদি অন্দরেই বাড়তে হয় কেবল, তবে মৃত্যু হোক আমার। আগুন নয় কবরে গতি হোক আমার। যদি অন্দরেই বাড়তে হয়, তবে কবরেই বাড়ি নাহয়। 

মাঝে মাঝে নয়, প্রায়ই। 

যখন দেখি আমার জীবনের আড়ালের মানুষের ক্ষত, ক্ষতি। যখন জানি, আমার গতিপথ সর্বত অবরুদ্ধ। তখন হয় অতিরিক্ত বিচ্ছিরি সব কাজে, অথবা বিতিকিচ্ছিরি বিশ্রামের মধ্যে গলে গিয়ে মৃত্যুর সাথে মিশে যেতে ইচ্ছে করে। 

এসব কাউকে বলার নেই। কোন বন্ধু নেই যার কাছে ফিরে যাওয়া যায়, যে একটা মানুষ আছে, আমার এসব চিন্তা উজিয়ে বললে তা তার জন্য মানসিক হিংসা হয়ে ওঠে। অগত্যা মাঝে মাঝে মৃত্যু কোলে নিয়ে বসে থাকি। ওকে দোলাই, ঘুম পাড়িয়ে দিই। বিশ্রাম নামক এক শয়তানের কাছে বন্ধক দিই নিজেকে, তার কোলে থাকতে থাকতে পৃথিবীর সমস্ত চাহিদা ফেলে দিই, বন্ধ করে রাখি জানলা দরজা। রাতে মাথা ঢেকে শুতে হয়। সে ঢাকনা খুলে যায় বলে বেঁধে সোয়ার ব্যবস্থা। স্কার্ফ দিয়ে মাথা বাঁধার সময় না দেখে মাথার পেছনে গিঁট দিতে হয়। মাঝে মাঝে লম্বা চুল দলা পাকিয়ে, জট বেঁধে যায়, ছিঁড়ে যায়, এদিক ওদিক ঢুকে গিয়ে গিঁট আলগা হয়ে আসে। এইটুকুতেই মাঝে মাঝে কেঁদে ফেলি। নিজেকে কেমন একটা ছত্রাক মনে হয়। এত কেন চাহিদা? এত বিরক্তিকর থেকে থেকে সেসব চাওয়া চেয়ে ফেলতে হয় কেন? Able-bodied হয়ে উঠতে পারি না কেন? ঘেন্না পাশে এসে বসে। কি যেন হয়ে গেছে গত ছয় বছরে। সব শেষ হয়ে গেছে। এখন সারা জীবনের এইটুকুই যেন কর্তব্য। 

পৃথিবীর অজস্র গতির মধ্যে নিজের গতি চেনার চেষ্টা। মৃত্যুকে কোলে করে দোল দেওয়ার চাল। কি বিচ্ছিরি একটা দ্বন্দ্ব না? Indecision? কাজ করে মরবো নাকি বিশ্রাম করে? নিজেকে বাঁচিয়ে রাখব নাকি খরচ করে ফেলব? আরও বিরক্তিকর হচ্ছে বেশ মায়া মায়া কোবতে করে লিখতে না পারলে কেউ শোনেও না আজকাল। আসলে সবই তো হেরে যাওয়ার কৌশল। হয় তুমি কবিতার মধ্যে বন্ধ করে দাও আলো আধারি যা যা ফেটিয়ে ফেনা বেরিয়ে আসে, সেসব। মুখে বোলো না। নাহয় তুমি শেষ হয়ে যাও। একটা কবিতার খাতা রেখে যেও নাহয় বালিশের নিচে। তুমি মরলে আমরা যেন পাই। আগে নয়। এই দুইয়ের মাঝে আজকাল শুয়ে থাকি। মাঝে মাঝে তাপ নিয়ে এসে বুকে পিঠে দিই, প্রজাপতি ওম পেলে শান্তি দেয়। 

সেই লেখকের পোস্টে এই সমস্তের মাঝখানে লিখে এলাম, "হলে হোক পাথরে জরা, অসুস্থ মানুষের নিরাময় আসুক।" জানি অথচ, আসবে না। জানি এই বন্ধন চিরকালের। তবু লিখে এলাম। ব্যথায়, নিশ্বাসের কষ্ট পেতে পেতে লিখে ফেললাম। আর লিখেই মন খারাপ হয়ে গেল! 

**
শেষ করলাম এই ভোর রাতে প্রায় এক সপ্তাহ পর। ৩০ শে অক্টোবর, ২০২৬, ভোর ৪টে বেজে ৫৫ মিনিট। 

 - সোমালী

Comments

Popular posts from this blog

ছায়া-লাপ