"লব পে ইক বাত বড়ি দের কে বাদ আয়ি হ্যায়..."
বুঝি-বা-সবারই জীবনে এমন এক বরষা মরশুম আসে, যখন থেকে পৃথিবীর সমস্তটা ঘোলাটে হয়ে যায়; বুঝি-বা-কেবল-আমারই এমনটা হয়ে আছে। ছোট থেকেই প্রেমের নভেলে মুখ গোঁজা মানুষ হতে পারিনি। প্রেমের গল্পের পাশে পাশে যে নভেল চরিত্র নিয়ে ঝুঁকি নেয়, ভালোয়-মন্দয় মিশিয়ে এমন এক মানুষকে চোখের সামনে দাঁড় করিয়ে দেয়, যাকে না পারি ফেলতে না পারি বুকে জড়িয়ে ধরতে, এমন লেখা চিরকাল প্রিয় হয়ে থেকেছে। কিন্তু জীবন এমন অস্বাভাবিকভাবে এমন অদ্ভুতভাবে প্রেমভারী হয়ে যাবে, এমন তো কক্ষনো ভাবি নি।
প্রেম কি বলে কয়ে হয়? প্রেম কি মুখের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে, প্রেম হবে বলে একটু একটু করে এগিয়ে তবে হয়? আহা গো... সেই এতশত আশা-নিরাশা পেরিয়ে এমন বিতিকিচ্ছিরিভাবে প্রেমে পড়েছি, পিছল পথে গড়িয়েই চলেছি, গড়িয়েই চলেছি। এমন প্রবল আনন্দ, এমন প্রবল কষ্ট, এমন প্রবল উন্মাদনা, এমন প্রবল শান্তি আর অশান্তি, এ যে কি হয়েই চলেছে হয়েই চলেছে। এত ঝাপসা, অথচ এত স্পষ্ট সব, মনে হয় বেঁচে আছি তো?
বছর খানেক আগে এক বরষার মরশুমে প্রথম কথা। সেই যে কথা, সে কথা শব্দ পেরিয়ে নিঃশব্দে, সে নিঃশব্দ থেকে নির্জ্ঞানে সারাজীবনের মত ঘর করে বসে আছে যেন। আজ নিজেরই কম্পিউটার ঘাঁটতে ঘাঁটতে একটা গল্প বেরোলো। এক স্বামী-স্ত্রী'র গল্প। এক বৃষ্টির সন্ধ্যার গল্প। বছর খানেক আগে, দুরুদুরু বুকে এক গোবর্ধন-সাহস নিয়ে গল্পটা স্ক্যান করে তাকে পাঠিয়েছিলাম। ভেবেছিলাম, গল্পের আবেদনের হাত ধরে আমার নিবেদনটুকু পৌঁছবে বুঝি। সে পৌঁছেছিল কিনা আজ আর জানার উপায় নেই। কিন্তু গল্পটি সে খানিকক্ষণের মধ্যেই পড়ে ফেরত এসেছিল। এপাশে আমার মনে হয়েছিল একনিষ্ঠ দায়ে সে গল্পটি এক নিঃশ্বাসে শেষ করেছে। গল্পটি নিয়ে কথা বলতে চেয়েছে। আমিও চেয়েছিলাম সেটুকুই। কথা হয় তারপর। আজ সে গল্পটি যখন পড়তে শুরু করেছি, মনে মনে তার কোলে মাথা রেখে শুয়ে থেকেছি।
গত কয়েকদিনের বৃষ্টি ঘুরে ঘুরে পড়েছে। এই দক্ষিণ থেকে, তো এই পূব, তো এই পশ্চিম থেকে ছাঁট এসেছে ঘরে। রাস্তায় বৃষ্টি দেখে মনে হচ্ছিল পুকুরের গায়ে নিষ্ফলা বৃষ্টি পড়েই চলেছে। উপায়হীন। গল্পটা পড়তে পড়তে বারবার ফিরে যাচ্ছিলাম একটা কাল্পনিক ঘরে, যা খানিক তার, খানিক আমার ঘরটুকু মিলিয়ে তৈরি। বইখাতার গন্ধে ভেজা মাটির গন্ধ মিশে এক বুনো গন্ধে ভরে আছে ঘর। একচিলতে বারান্দার দরজা ভেজানো। বৃষ্টির ছাঁটে জানলার ফাঁক বেয়ে জল গড়িয়ে এসেছে মেঝেতে। কারেন্ট নেই। হ্যারিকেন, অথবা মোমবাতি, অথবা একটা ইমারজেন্সি আলো জ্বলছে ঘরের এক কোণে। একটা মোমবাতি কেবল আমাদের সামনে, সোফার সেন্টার টেবিলে রাখা। তার আলোতে আমি গল্পটি পড়ছি, তার কোলে মাথা রেখে। তিনি পা দুটো সেন্টার টেবিলে মেলে রেখেছেন, এক হাত সোফার মাথায়, আরেক হাতে আমার চুলে বিলি কাটছেন, আর একদৃষ্টে চেয়ে আছেন মোমবাতির দিকে। কখনও কখনও গল্পের কিছু জায়গা মিস করে যাচ্ছেন। প্রশ্ন করছেন সেটা নিয়ে। জানলা দিয়ে, দরজা দিয়ে আসা জলের খবর দুজনের কাছেই আছে, কিন্তু অন্তরঙ্গতার এই মায়ামুহুর্ত আমরা কেউই ভাঙতে চাইনি, অতএব মুহূর্ত দীর্ঘ হয়, আর আলো মায়াবী।
এই ধরনের মুহূর্ত আজকাল প্রায়ই মাথায় আসে। এসে ঘর জুড়ে আমার মাথা জুড়ে আসন পেতে বসে থাকে। থেকে যায় বহুক্ষণ। কখনও কখনও মাসখানেক। গল্পটা পড়তে পড়তে যখনই এই মুহূর্তটা পেয়ে বসছিল আমায়, চোখ চলে যাচ্ছিল বৃষ্টির দিকে। সেই এক অবোধ, নিষ্ফল প্রশ্ন ওঠে... "তুমিও কি এমনই আমাকে, যেমন আমি তোমাকে...?" প্রশ্নও অসম্পূর্ণ থাকে, জীবনও। এই যে কিচ্ছু চাইনা, এই কিচ্ছু না চাওয়ারও তো অধিকার লাগে? ভালবাসার, প্রেমে পড়ারও তো অধিকার লাগে। বিন্দুমাত্র কোন অধিকার আমার আর বাকি নেই। তবু, পৃথিবী এই ছোট ছোট মায়াবী মুহূর্ত উপহারের মত সাজিয়ে রেখেছে আমার জন্য। মুহূর্তগুলো জড়িয়ে আগলে নেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না!
এ কি নিষ্ঠুরতা, না দয়া? নাকি প্রেম এসবের ঊর্ধ্বে? এমন তার উচ্চতা, যেখানে পৌঁছেই উঠতে পারিনি কখনও?
৭/৯/২৩ (রাত সোয়া এগারোটা)
Comments
Post a Comment