চোরাস্রোত

 প্রায়ই এমন হয়, নদীর কাছে গিয়ে বসে থাকি। নদীর কাছাকাছি জীবনও বহমান, আলগা বলে মনে হয়। বছরখানেক আগে এক মানুষ ঘর থেকে দূরে আদিগঙ্গা দেখাতে নিয়ে গিয়েছিল। তাতে জলের এমন অভিমান, দিনটায় সবচেয়ে উজ্জ্বল করে তাপ, চিল, আর মানুষটার ঢোক গেলাটুকুই মনে পড়ে। আমরা নদীকে যে উচ্চতায় দেখি, নদী সেখানে চুল এলিয়ে শুয়ে পড়েছে প্রায়। ওর মধ্যে যা জাগে, যাই বা নামে, তা ধীর, অলস। এ নদী দেবী হলে বুঝি মানুষের ধৈর্য চেটে নিতে চাইত।

এই নদীতে জোয়ার আসলে বোঝা যায় না শুরুতেই। খুব ধীরে, বিলাপের শুরু যেভাবে, ঠিক তেমন করে একটা করে স্রোত উলটো পথে যেতে শুরু করে। বিলাপ যেমন একান্তে অদৃশ্য, একটা মানুষ ভাসলে তবেই তার খবর হয়, তেমনই হঠাৎ কোন পানা এসে জুটলে তবেই সে বিপরীত স্রোত চোখে পড়ে। ঘন্টার পর ঘন্টা বসে বসে নদীকে বিপরীত পথে জাগতে দেখি। ভাবি, এমনই দিনে দুইবার করে স্রোতও বিপরীতে যায়, তাহলে কি তাকে আর বিপরীত স্রোত বলা যাবে?

Comments

Popular posts from this blog

ছায়া-লাপ

মায়া মায়া কাজলে