একা এবং খসখস
গত সোমবার, দিনটা ফাঁকা ছিল, কিন্তু পড়াব বলে বিকেলের দিকে বেলঘরিয়া ফিরেছিলাম। পরেরদিন ছুটি, অথচ কিছু জমা কাজ। কিছু জমে থাকা বিশ্রাম নেওয়ার ছিল। পরেরদিন কলেজ নেই ভেবে গেছিও হেঁটে, বাসে, ট্রেনে, হেঁটে। আবার ফিরেছিও তেমন পথেই।
রুবি থেকে বাড়ির দিকে প্রায় আড়াই কিলোমিটারের রাস্তা। থাকার মধ্যে অটো। রাত আটটার পর কমে আসে সেটুকুও। দশটার পর প্রায় থাকে না বললেই চলে। এদিন যখন নামলাম, প্রায় সাড়ে এগারো। বেলঘরিয়া থাকতে কখনও ফেরা নিয়ে চিন্তা করিনি। সেভাবে দেখতে গেলে আজও করি না। ফলে অটো এবং অটোর জন্য মানুষের লাইন কোনটাই না দেখে হাঁটা শুরু করলাম।
রাস্তা আলো আঁধারি। বেশ দশ পনেরো মিটার করে করে আলো পড়ছে না রাস্তায়। আবার খানিক আলো, কিন্তু লোক নেই। আবার খানিক হয়ত অন্ধুরে। ছোটবেলায় যখন সবে সবে একা যাতায়াত শুরু, তখন থেকেই অভ্যেস ছিল পেছনে কটা পা আসছে এবং তারা কতদূরে আছে, না দেখে হিসেব করার খেলা খেলতাম। বহুকালের অভ্যেস নেই।
খানিক হাঁটতে খেয়াল করলাম পেছনে খসখস আওয়াজ হচ্ছে। পা রাস্তায় ঘষে ঘষে হাঁটার আওয়াজ। Monotonous beat এ। রীতিমত গুনে বলে দেওয়া যায় আর কতক্ষণ বাদে পরের আওয়াজ আসবে। সামনে তাকিয়ে দেখলাম অন্ধকার, এবং অন্ধকার পেরিয়ে প্রায় হয়ত বারো পনেরো মিটার এগিয়ে একজন লোক হাঁটছেন কানে হেডফোন লাগানো। ডান দিকে রাস্তা ধরে সব দোকান বন্ধ হয়ে গেছে। বাঁদিকে রাস্তার সার দিয়ে কেউ নেই।
এরপর বাঁক। বাঁক পেরতে পেরতে ভাবলাম একটু দৌড়ে নিয়ে এগিয়ে যাব কিনা। একটু দৌড়লাম। কসরতের অভ্যেস নেই বহুদিন। একটু হাঁপিয়ে গেলাম ঠিকই, কিন্তু বেশ খানিকটা এগিয়ে গেছি। ভাবছি জনা দুইকে অন্তত location পাঠাব কিনা। এদিকে দেখছি সামনের লোকটি ফোনে কথা বলতে বলতে হাঁটার গতি বাড়িয়েছে, দূরত্ব আরও বেড়ে গেছে। ততক্ষণে আমি রাস্তার আলো গুনতে শুরু করেছি। আওয়াজের রিদম তখনও স্থির। আসছে। হঠাত দেখলাম গলি থেকে যুগল বেরিয়ে এলেন, বেশ খানিক দূরে, কিন্তু আমার দিকে ফিরে রয়েছেন। একটু গতি কমলো আমার। একটু শান্তি। দেখতে দেখতে তাদের জন্য বাইক এসে দাঁড়িয়েছে, ছেলেটি বাইকে উঠেছে, OTP বলছে, এবং বাইক start নিয়েছে সবে, যখন আমি তাদের এক্কেবারে কাছে। নিশ্চিত খানিকক্ষণের জন্য। কিন্তু ওদের পেরিয়ে আবার রাস্তা অন্ধকার। ডান দিকে এখানে একটা পাঁচিল ভাঙ্গা, ওপাশে কিছুটা খালি জায়গা, তারপর খাল। আশপাশ নিশ্চুপ হয়ে আসতে আবার খেয়াল করলাম আওয়াজটা।
খস্ ... খস্ ... এগিয়ে এসেছে। প্রায় ঘাড়ের কাছে চলে এসেছে। পেছন ফিরলাম। এবার দেখা গেল। একটি ছেলে। পরিপাটি জামা, পিঠে ব্যাগ, জামার একটা বাটন খোলা, হাতে ছাতা। বাসে এই ছেলেটিই বেশ খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে ছিল। অন্যমনস্ক না কারণে, জানা নেই। সামনে ফিরে দেখলাম লোকটা নেই। ইতিমধ্যে কোন একটা গলিতে অথবা বাড়িতে হয়ত ঢুকে গেছে। ঢোক গিললাম।
মা বলত "যা হবার একবারই হবে, ফেরার পথ পাবি না"। কিন্তু জীবনের শিক্ষা, "We die once. But on all other days, we live." জপতে শুরু করলাম। On all other days... আওয়াজের সাথে সাথে। আওয়াজ কাছে আসতে থাকল। আরেকটা মাত্র অন্ধকার ল্যাপ, তারপরেই আলো। গতি বাড়াচ্ছি না। কোনক্রমে অন্ধকার কাটিয়েছি, খালের কাছে এসে দেখলাম একটা দোকান খোলা, গাড়ি দেখার অছিলায় পেছন ফিরে দেখলাম কেউ নেই।
কেউ পেছনে নেই।
অথবা আছে।
অথবা ছিল।
অথবা থাকবে।
পালাবো না। পালাবো না। ঘাস ধরে বসে থাকব।
-সোমালী (১২/৭/২০২৬)

Comments
Post a Comment