অকাল

খুব ধীরে ধীরে অক্টোবর এসে পাখার নিচে ঢুকে বসে। হঠাৎ অনুভব করি গাঢ় নীল লোমশ খুব নরমসরম ঘাসজমির মতো কে যেন, গোটা পৃথিবী নিয়ে চুপচাপ শান্ত ধরে আছে। আমি অনেক কিছু হতে পারতাম, কিন্তু ও আমাকে ধরে নিয়েছে আগেই। 

এই মাস আমার জন্মমাস। এই মাস মায়ের জন্মমাস। এই মাস মায়ের মৃত্যুমাস। জন্মদিনে শ্রাদ্ধ করতে বসার অভিঘাত এমন কিছু বদলে দেয় ভেতরে, যা শত হাতড়ে পাওয়া যায় না। আর অন্তর তো এমনিতেই কেবল বাতাস। অনুরণন হয়, ঘনিয়ে চলে; অনেক তারার মৃত্যুর পরেও যেমন তারাদের গল্প রয়ে যায়! 

গত সপ্তাহে হঠাৎ অনুভব করলাম কানের পাশ দিয়ে রক্ত পড়ছে। ধোয়ার উপায় নেই, মলম দেওয়ার উপায় নেই, এ রক্ত মাখার রক্ত। বারবার কান বেয়ে নেমে আসবে, গলা দিয়ে গড়িয়ে পড়বে, ছেড়ে যাওয়া হাতগুলো বারবার নাকের উপর গালের উপর মখমল হয়ে হয়ে ছেড়ে চলে যাবে। তুমি কোথায় যাবে এমন যেখানে এই বিপুল রোদের মধ্যে দাঁড়িয়ে রক্ত মুছে ফেলার মতো সাহস আছে তোমার? সারাদিন, সারারাত..

আজ মায়ের চলে যাওয়ার ছয় বছর হলো

যখন চলে গেলো, তার ঘণ্টা দুয়েক আগে ডাক্তার বললেন এখন অক্সিজেন টানছেন বেশি, এটা ভালো লক্ষণ। দুই ঘণ্টা বাদে আমার গোবিন্দভোগ চালধোয়া জলের মধ্যে দিয়ে মা বয়ে চলে গেলো। 

সেই যে গেলো, তারপর স্বপ্নে আছে, ভাবনায় আছে, দুর্বলতায় আছে, বিরক্তিতে আছে। এক অদ্ভুত ধ্রুবক, যার নাকি কোনো নিরূপণের আকার বা পথ নেই.. শুধু ছুঁতে গেলেই আবার সেই হাওয়ার পাখা ধরে আকাশ, আকাশ, আকাশ, আকাশ 

- ৬ই অক্টোবর, ২০২৬

Comments

Popular posts from this blog

ছায়া-লাপ

মায়া মায়া কাজলে